Logo

ইউপি নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

তৃতীয় ধাপে ১ হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। একইসঙ্গে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে চার হাজার ৪০৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ হাজার ১০৫ ও সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন প্রার্থী রয়েছেন। ৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি ইউপিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে কমিশন।

জানা যায়, তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫৬৯ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১০০, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৩২ ও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন বিনা ভোটে বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছাড়া এই ধাপের ভোটে লড়ছেন ৫০ হাজার ১৪৬ জন।

এর আগে শনিবার (২৭ নভেম্বর) পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণাকালে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এই ধাপের ভোটে তিনজন সংসদ সদস্যকে শোকজ এবং ইসির পাঁচজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬