Logo

নির্ধারিত সময়ে হজের প্রস্ত্ততি সম্পন্ন করার নির্দেশ

হজের প্রস্ত্ততি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আগামী হজ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে নির্দেশনা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ কার্যক্রম সম্পন্ন করার আহবান জানিয়েছেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘কোভিড -১৯ করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির কারণে ২০২০ এবং ২০২১ সালে সৌদি আরবের বাহিরের দেশ থেকে হজযাত্রীগণ সৌদি আরব গমন করতে পারেননি। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হওয়ায় পবিত্র ওমারহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ওমরাহ যাত্রী সৌদি সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্তাবলি পালন সাপেক্ষে ওমরাহ পালন করছেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, আশা করা যায়, সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশী হজযাত্রীরা হজে অংশ গ্রহণ করবেন। এ বিষয়ে সৌদি-বাংলাদেশ হজ চুক্তির পর বিস্তারিত বলা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানান, ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে সৌদি সরকার বাংলাদেশ থেকে সিনোভ্যাক/ সিনোফার্মা টিকা গ্রহণকারী ওমরাহ যাত্রীরা বুস্টারডোজ ছাড়াই ওমরাহ্ পালন করতে পারবেন। বৈঠকে প্রাক-নিবন্ধনের বিদ্যমান অবস্থা, নিবন্ধিত হজযাত্রীদের বিদ্যমান অবস্থা, হজ প্যাকেজ, প্রাক নিবন্ধন ও নিবন্ধন কার্যক্রমের বর্তমান অবস্থা, ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্রয়, পাসপোর্ট, রোড টু মক্কা ইনিশিয়েটিভ, বাংলাদেশ থেকে ওমরা পালনের জন্য সৌদি আরবে গমনকারী ব্যক্তিগণকে বুস্টার ডোজ প্রদান, হজ যাত্রীদের জন্য টিকা ক্রয়, ইলেকট্রনিক হেলথ প্রোফাইল, হজের কার্যক্রম বিষয়ে প্রচার- প্রচারণা, হজ এজেন্সি নবায়ন ও তালিকা প্রকাশসহ বিবিধ বিষয়ের করণীয় নির্ধারণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬