ব্যাংকটির এমডি বলেন, ‘করোনার শুরু থেকে ব্যাংকের সব ধরনের সেবা চালু ছিল। বাসা থেকে সব ধরনের সেবা দিয়েছেন আমাদের কর্মীরা। আমাদের এমন কিছু সেবা রয়েছে, যা অন্যদের চেয়ে ভালো। তবে ব্যাংকের আর্থিক হিসাবে কিছুটা ঘাটতি ছিল, তা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’
যাত্রা শুরুর ২২ বছর পূর্তিতে অন্য ধারার ব্যাংক হওয়ার স্বপ্ন দেখছে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড। ব্যাংকটি এখন প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের গ্রাহকের কাছে পৌঁছে যেতে চাইছে।
২২ বছর পূর্তি উপলক্ষে রোববার রাজধানীর বাংলামোটরের এমটিবি টাওয়ারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান ব্যাংকটি নিয়ে নানা পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে ব্যাংকটির শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
ব্যাংকটির এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘দেশের সেরা ব্যক্তিরা এমটিবি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত। মালিকানায় রয়েছে নরফান্ডের মতো স্বনামধন্য বিদেশি তহবিল। এখন আমরা এমটিবিকে অনন্য (ইউনিক) ব্যাংক হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করছি।’