Logo

দায় নেবে না সরকার ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সারা দেশে প্রায় ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকরা যখন ১ লাখ টাকার পণ্য অর্ধেক মূল্যে কেনার জন্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে লগ্নি করেছে তখন তারা সরকারকে কি জানিয়েছে?

তিনি বলেন, কম মূল্যে পণ্য কিনতে গিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কমে পণ্য কিনতে তো সরকারকে জানায়নি। গ্রাহকদের ক্ষতির দায় সরকার নেবে কেন? তবে যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কাজ করছে। অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

শুক্রবার বিকালে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড়ে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হঠাৎ করে দেশের বাজারগুলোতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি এ সংক্রান্ত প্রশ্ন তুললে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে অনেক এলাকায় বন্যা ও বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। সেই দেশে দাম বাড়ায় আমাদের দেশেও পেঁয়াজের দাম বেড়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬