Logo

জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : ওবায়দুল কাদের

গণতন্ত্রের ফেরিওয়ালা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একইসঙ্গে নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (০৬ অক্টোবর) তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংক্রান্ত সবকিছুই নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে, আর নির্বাচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বপূর্ণ অবাধ, নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে সরকার।

আওয়ামী লীগ থেকে বাঁচতে জনগণ বিএনপিকে ভোট দিচ্ছে- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ থেকে বাঁচতে নয় বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে আছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ এতোটা বিভ্রান্ত নয় যে, তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে ঝাঁপ দেবে?

তিনি বলেন, জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার প্রমাণ সাম্প্রতিক উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেই পরিষ্কার হয়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬