Logo

সুখবর করোনায় চাকরি হারানো ব্যাংকারদের

বিশেষ তহবিলের মেয়াদ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনাকালে ব্যাংক কর্মীদের ছাঁটাই বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কর্মীদের চাকরিচ্যুত করা যাবে না সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগ ছাড়া। পাশাপাশি মহামারির সময়ে চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংক কর্মীদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ।
এতে বলা হয়, কিছু সংখ্যক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কোভিডকালীন শুধুমাত্র লক্ষ্যমাত্রা অর্জন না করা বা অদক্ষতার অজুহাতে কর্মকর্তা-কর্মচারিদের চাকরিচ্যুত ও চাকরি থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে পদত্যাগ করা কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে না। যা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরিপন্থী।

২০২০ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের যে সব কর্মকর্তা-কর্মচারী সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও চাকরিচ্যুত হয়েছে অথবা চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাদেরকে (আবেদন প্রাপ্তি সাপেক্ষে) বিধি মোতাবেক চাকরিতে বহাল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান।

তাছাড়া ২০২০ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যে সব কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বা যেসব চাকরি থেকে পদত্যাগ করেছেন তাদের তথ্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিআরপিডিতে পাঠাতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬