Logo

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে: তথ্যমন্ত্রী

সাংবাদিকতায় শৃঙ্খলা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছে থাকার দাবি অমূলক এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে এটাই যৌক্তিক বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ সোমবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে ‘মানস’আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

এর আগে ৩০ মে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেয়ার বিষয়ে সম্প্রতি তারা একটি চিঠি পেয়েছেন। এই সেবা ইসির হাতেই থাকা উচিত। না হলে কিছু অসুবিধা হবে।

এ নিয়ে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রথমত জাতীয় পরিচয়পত্র এটি একটি চলমান প্রক্রিয়া। জাতীয় পরিচয়পত্র আর ভোটার আইডি এক বিষয় নয়। জাতীয় পরিচয়পত্র দেয়া হয় যেই শিশুটি জন্মগ্রহণ করবে, এ থেকে আমৃত্যু। পৃথিবীর সব দেশে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় করবে। এটি নির্বাচন কমিশন করে না। নির্বিাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করে।

জাতীয় পরিচয়পত্র দেয়ার পর আঠার বছরের বেশি বয়স যাদের, যারা ভোটার হওয়ার উপযুক্ত, তাদের তালিকা নির্বাচন কমিশনের হাতে দেয়া হবে বা হস্তান্তর করা হবে। এখানে যেটি নির্বাচন কমিশন থেকে আশঙ্কা করা হয়েছে সেটি আসলে অমূলক। এবং সেটি নির্বাচন কমিশনের হাতে নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকাই যৌক্তিযুক্ত।

আরো পড়ুন- নির্বাচন কমিশনের হাতেই এনআইডি কার্যক্রম থাকা উচিত: সিইসি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬