Logo

ইসলামি বক্তা আমির হামজাকে খুঁজছে পুলিশ

আমির হামজাকে খুঁজছে পুলিশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ধর্মের নামে উগ্রবাদ ও অপব্যাখ্যা ছড়ানোর অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে খুঁজছে পুলিশ। পুলিশের দাবি, এই বক্তা ওয়াজ-মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে অবমুক্ত তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে বলে দাবি পুলিশের। যা শুনে কোমলমতি কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে বলে মনে করে তারা।

ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত ৫ মে তলোয়ার নিয়ে সংসদভবনে হামলা চালানোর চেষ্টারত সাকিব নামে এক যুবককে গ্রেফতার করা হয়। কয়েকজনের ওয়াজ ও বক্তব্য শুনে জঙ্গিবাদে সম্পৃক্ত হয় বলে জানায় সে। আমরা সেসব বক্তাদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা করছি।

উল্লেখ্য, ওয়াজ-মাহফিল ও ইউটিউবে উগ্রবাদ প্রচার করার অভিযোগে ২০১৯ সালের মার্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-২ থেকে ১৫ জন ইসলামি বক্তার একটি তালিকা তৈরি করে প্রতিবেদন দেওয়া হয়। এসব বক্তাদের অনেকেই গ্রেফতার হয়েছেন ইতোমধ্যে।

এবার সেই তালিকায় উঠেছে মাহমুদুল হাসান গুনবী ও মুফতি আমির হামজার নাম। তাদেরকে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।

কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ওয়াজকারী মুফতি আমির হামজা দ্রুত জনপ্রিয়তা পাওয়া ইসলামি বক্তাদের মধ্যে অন্যতম। ১৯৯১ সালে কুষ্টিয়া জেলায় তার জন্ম। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে “আল-কুরআন” এর উপর অনার্স ও মাস্টার্স করেছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬