Logo

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০

গাড়ি বোমা বিস্ফোরণে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানের লোগার প্রদেশে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে স্কুল শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯০ জন। খবর বিবিসি’র।

শুক্রবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির পূর্ব লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে একটি হাসপাতাল ও আবাসিক বাড়িঘরসহ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। কেউ স্বীকারও করেনি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন হতাহতরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে নিহত শিক্ষার্থীরা একটি অতিথিশালায় অবস্থান করছিল, যার খুব কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই অতিথিশালার ছাদ পর্যন্ত ধসে পড়ে এবং অনেকে ধ্বংসাবশেষে আটকে পড়েন।

লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ বলেন, ‌‘নিহতদের মধ্যে কয়েকজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, যারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন।’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছেন অনেকে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে কাজ করছেন।

আরও পড়ুনঃ- ভারতের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৮

প্রসঙ্গত, আফগানিস্তান থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার একদিন আগে এই বিস্ফোরণ ঘটানো হলো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬