Logo

মিয়ানমারে আরও ৭ বিক্ষোভকারী নিহত

বিক্ষোভকারী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

গ্রেপ্তার ও গুলি সত্ত্বেও মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভকারী মানুষের প্রতিবাদ অব্যাহত রয়েছে। আজ বুধবার নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৭ বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে। এছাড়া অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমের ।

বুধবার মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের কালে শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে দেশটির নিরাপত্তা বাহিনী। সেখানে পাঁচজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। কালে শহরের বিক্ষোভকারীরা অং সান সু চির বেসামরিক সরকার পুনর্বহালের দাবি জানাচ্ছিলেন।

এছাড়া, এদিন ইয়াঙ্গুনের কাছের বাগো শহরেও গুলির ঘটনা ঘটে। এতে দুই বিক্ষোভকারী নিহত হন।
বিক্ষোভ দমানোর উপায় হিসেবে শক্তি প্রয়োগের পাশাপাশি ইন্টারনেটও বন্ধ করেছে দেশটির সামরিক সরকার। সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দেশটিতে এখন পর্যন্ত ৫৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত লোকজনের মধ্যে শিশুরাও আছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে। অধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন:- ইথিওপিয়ার রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত কমপক্ষে ১০০

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থান হয়। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি’র শীর্ষ নেতাদের। সেনাবাহিনী মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে। তবে বিক্ষোভ থেমে নেই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬