Logo

ভারতে মাওবাদী-যৌথবাহিনীর সংঘর্ষে: নিহত ২২

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে যৌথবাহিনীর সঙ্গে মাওবাদীদের লড়াইয়ে যৌথবাহিনীর অন্তত ২২ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন একজন। শনিবার (৩ এপ্রিল) দক্ষিণ বস্তার জঙ্গলে এ সংঘর্ষ ঘটে। রবিবার (৪ এপ্রিল) দুপুরে এসব তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আমি শহীদ নিরাপত্তাবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের বীরত্বের কথা জাতি কখনো ভুলবে না। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমরা শান্তির শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি রাখব। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার আমার চিন্তায় আছে। এই দুঃসাহসীদের মহান আত্মত্যাগ কখনোই ভোলা হবে না।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। পাল্টা গুলিতে কয়েকজন মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কতজন মাওবাদী মারা গেছে তা এখনও স্পষ্ট নয়।

আরও বলা হয়, সিআরপিএফের কোবরা বাহিনী এবং রিজার্ভ পুলিশ গার্ড ও স্পেশাল টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানে দুই হাজার সদস্য অংশ নেন। বিজাপুর ও সুকমা জেলার দক্ষিণ বস্তার জঙ্গলে এ অভিযান চালানো হয়।

আরো পড়ুন- পশ্চিমবঙ্গে ৩০ টি আসনের বহু প্রতীক্ষিত ভোট শুরু

পরে হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবাহিনীর দুটি এমআই ১৭ হেলিকপ্টার ও ৯টি অ্যাম্বুলেন্স। আহতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি। দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে পাঁচজন রিজার্ভ গার্ডের কর্মী নিহত হন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬