Logo

আজ থেকে শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ

ইলিশ ধরা বন্ধ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত দেশের জাটকা সম্পৃক্ত ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। রোববার (৪ এপ্রিল) থেকে ‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’ এই স্লোগান নিয়ে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ।

এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

এ সপ্তাহ সামনে রেখে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কর্মসূচির অংশ হিসেবে আজ উদ্বোধনী দিনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। একই দিন জাতীয় বিভিন্ন দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সীমিত পরিসরে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১’র উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এছাড়াও জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে জেলেদের মধ্যে নৌকা বাইচ, হা-ডু-ডু ও সাঁতার ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, জাটকা সমৃদ্ধ এলাকায় ভিডিওচিত্র প্রদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মৎস্যজীবী ও জেলে পল্লীতে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণমূলক পথ নাটক, আঞ্চলিক সংগীত ও লোক সংগীত পরিবেশন এবং জাটকা রক্ষায় জেলা-উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা। তবে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় এ বছর সকল কর্মসূচি সীমিত পরিসরে পালন করা হবে।

জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ৬টি জেলার ৫টি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সব ধরণের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সব ধরণের মাছ ধরা বন্ধ রয়েছে।

এ বছর ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে অভয়াশ্রম সংশ্লিষ্ট ৬টি জেলার জাটকা আহরণে বিরত থাকা ২ লাখ ৪৩ হাজার ৭৭৮ জন জেলেদের জন্য মাসে ৪০ কেজি করে দুই মাসে ৮০ কেজি হারে মোট ১৯ হাজার ৫০২ টন ভিজিএফ চাল প্রদান করেছে সরকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬