Logo

আইসিইউতে গায়ক সুমন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ৯ নভেম্বর, ২০২৬

গেলো ১ বছর করোনার কারণে অপেক্ষা করেও অর্থহীন ব্যান্ডের গায়ক সুমন জার্মানিতে যেতে পারেননি । অসুস্থতা বাড়ায় ও চেকআপের জন্য তাকে নেওয়া হয়েছে থাইল্যান্ডের একটি হাসপাতালে।

এই চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার বিষয়টি আজ (১১ মার্চ) দুপুরে সুমন নিজে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি হওয়ার পর পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যাংককের এই হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিয়ে আসছেন দেশসেরা এ বেজ গিটারিস্ট।

জানা যায়, মেরুদণ্ডে অস্ত্রোপচারের জন্য নয়, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় এবং নিয়মিত কিছু চিকিৎসা নিতে তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। তিনি এখন পর্যবেক্ষণে আছেন।

এদিকে, মেরুদণ্ডে সার্জারির জন্য এই গায়ক এখনও জার্মানিতে যাওয়ার অপেক্ষায় আছেন। কারণ, জটিল ও গুরুতর এ অপারেশন অন্য দেশে হলে বড় ধরনের ঝুঁকির মধ্যে তাকে পড়তে হতে পারে।

থাইল্যান্ড যাওয়ার আগে গত সপ্তাহে বেজবাবা খ্যাত এ বলেন, ‘মেরুদণ্ডের এই অপারেশন খুবই গুরুতর ও জটিল। এখানে রিস্ক নেওয়ার সুযোগ নেই। তাই অন্য দেশে চেষ্টা করছি না। এরমধ্যে প্রায় বছর খানেক আগেই চিকিৎসকরা জানিয়েছেন, তারা খুব একটা আশাবাদী নন। সার্জারি অসফল হলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।’

আরো পড়ুন- অভিনেতা শাহীন আলম আর নেই

উল্লেখ্য, অর্থহীন ব্যান্ডের প্রধান সুমন প্রথমে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে পাকস্থলীর একাংশ কেটে ফেলাসহ ১০ বারেরও বেশি অস্ত্রোপচার করিয়েছেন থাইল্যান্ডে। ২০১৭ সালে সার্জারির পর হাসপাতাল থেকে ফিরছিলেন এই গায়ক। এমন সময় হঠাৎ তাকে একটি গাড়ি ধাক্কা দেয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সুমনের শরীরে প্রায় ১১ ঘণ্টা ধরে ৯টি সার্জারি করা হয়। ব্যাংককের ওই দুর্ঘটনায় তার স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। তখন তার মেরুদণ্ডের দুটি ডিস্কও পরিবর্তন করা হয়েছিল। নতুন করে এটার সার্জারির জন্যই জার্মানি যাওয়াটা এ গায়কের জন্য জরুরি। তবে করোনায় এখনও ইউরোপিয়ান নন, এমন কাউকে ভিসা দিচ্ছে না দেশটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬