Logo

কাতারে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধির উদ্যোগ

কাতারে বাংলাদেশি পণ্যের বাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে তৈরি পণ্যের প্রচুর চাহিদা উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারে। কাতারে বাংলাদেশের তৈরি ওষুধ, হোম টেক্সটাইল, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালাল মাংস, শাকসবজি, শুকনা খাবারের বিশেষ করে প্রচুর চাহিদা রয়েছে। কাতারের বাংলাদেশ দূতাবাস দেশি পণ্যের বাজার শতভাগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে এরইমধ্যে ।

দুই দেশের সরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সরাসরি বিভিন্ন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ নিয়মিত বৃদ্ধি করা হচ্ছে। দূতাবাসের এ উদ্যোগের অংশ হিসেবে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এবং লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের পরিচালক ড. মোহমেদ আলতাফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাতারের অন্যতম প্রধান গ্রোসারি, ইলেক্ট্রনিক্স ও তৈরি পোশাকের আউটলেট লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি তৈরি পোশাক, খাদ্যদ্রব্য, শাকসবজি রপ্তানিকারকদের সঙ্গে লুলু গ্রুপের মধ্যে যোগসূত্র তৈরির জন্য একটি ওয়েবিনার আয়োজন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। লুলু আউটলেটে ‘বাংলাদেশ কর্নার’ নামে একটি জায়গা মনোনীত করে বাংলাদেশে তৈরি পাটজাত দ্রব্য, হস্তশিল্প প্রদর্শন এবং বিভিন্ন সময়ে মৌসুমি শাকসবজির প্রমোশনের জন্য প্রস্তাব করলে, লুলুর পরিচালক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।

বাংলাদেশ থেকে ফল, তৈরি পোশাক, শাকসবজি আমদানি করার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াবলী) মো. মাহবুর রহমান এবং লুলু গ্রুপের রিজিওনাল ম্যানেজার সানাভাস উপস্থিত ছিলেন।

পণ্য আমদানি করলে দু’দেশের বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে বাংলাদেশ ও কাতার উভয় দেশ লাভবান হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।

আরো পড়ুন- কাতার প্রবাসীদের জন্য সুখবর

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬