Logo

সেই ১৩ রাষ্ট্রদূতকে কড়া জবাব দিলেন,তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কারাবন্দি মুশতাকের মৃত্যুকে কেন্দ্র করে বিদেশিদের বিবৃতিতে শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি জাতীয় পত্রিকার ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কূটনীতিকদের বক্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘জনাব মুশতাকের মৃত্যুতে আমিও ব্যথিত। এবং এই মৃত্যু কিভাবে হয়েছে তা উদঘাটনের জন্য একটি তদন্ত কমিটি হয়েছে। তাদের রিপোর্ট পাবার পরই বোঝা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছিল। কিন্তু এনিয়ে কিছু বিদেশি রাষ্ট্রদূত বিবৃতি দিলেন, তাতে সম্পূর্ণ কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে। তাদের অনেক দেশেই অনেক মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে, তাদের দেশেও এ আইন আছে, গ্রেপ্তার ও শাস্তি হয় তা আমরা সবাই জানি।’

কমিশনের প্রতি প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে যখন চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়, বছরের পর বছর বাচ্চাদেরকে বাবা-মা থেকে আলাদা করে রাখা হয়, ফ্রান্সে যখন গুলি করে নির্বিচারে মানুষ হত্যা হয়, গুয়ান্তামো বে’তে নির্যাতন হয়, তখন কি তারা বিবৃতি দিয়েছিলেন! সুতরাং এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় এবং এতে কারো নাক গলানোর প্রয়োজন আছে বলে মনে করিনা। এতে কূটনৈতিক শিষ্টাচার লংঘিত হয়।’

জাতিসংঘের কোনো বিবৃতি আছে কি না এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বিবৃতিটি জাতিসংঘ থেকে দেয়া নয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনেকজন কমিশনারের একজন একটি বিবৃতি দিয়েছেন। তিনি একসময় চিলির প্রেসিডেন্ট ছিলেন, সেসময়ও অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

আরো পড়ুন- কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু

‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও করোনার টিকা নিয়েছেন’ সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব নিজেও টিকার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, এই টিকা কাজ করবেনা বলে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু তিনিই এখন টিকা নিয়েছেন। জলঘোলা করে পানি খাওয়ার মতো বিএনপি নেতাদের অবস্থা হয়েছে।’

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬