Logo

সৌদিতে ২০ দেশের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা

প্রবেশ নিষেধাজ্ঞা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

করোনাভাইরাসের মহামারির বিস্তার কমাতে সৌদি আরব এশিয়া, ইউরোপ ও আমেরিকার প্রায় ২০টি দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। বলা হয়, সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সৌদির স্থানীয় সময় রাত ৯টা থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। খবর আরব নিউজের।

তবে ওই সব দেশে থাকা সৌদি নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে- আর্জেন্টিনা, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য,ভারত এবং জাপান। এই ২০ দেশের জনগণ অস্থায়ী নিষেধজ্ঞার আওতায় থাকবে।

এর আগে গত ৩ জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি। যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব।

পরবর্তীতে এর মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়। এর ১৫ দিন পর নিষেধাজ্ঞা তুলে নেয় মধ্যপ্রাচ্যের দেশটি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ৩২৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৩৭৯ জন।

আরও পড়ুনঃ- সিইও পদ ছেড়ে দিচ্ছেন অ্যামাজনপ্রধান জেফ বেজোস

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬