Logo

রুপালি লাইফ ইন্স্যুরেন্স: ১১ কোটি টাকা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, খতিয়ে দেখবে আইডিআরএ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রুপালি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিনিয়োগ সক্ষমতা ও সততা নিয়ে প্রশ্ন তুলেছেন খাত সংশ্লিষ্টরা। কোম্পানিটি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিয়ম ভঙ্গ করে খেলাপি ঋণগ্রস্ত বিলুপ্ত ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, যা প্রতিষ্ঠানটির ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি আরও জানায়, বিদায়ী বছরে (৩১ ডিসেম্বর ২০২৫) রুপালি লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছে নিরীক্ষক। এছাড়াও বর্তমানে তারল্য সংকটে থাকা প্রতিষ্ঠানটির নেট প্রিমিয়াম আয় কমেছে আশঙ্কাজনক হারে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির ব্যাপারে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা।

নিরীক্ষক বাসু ব্যানার্জি নাথ অ্যান্ড কো. চার্টার্ড একাউন্টস জানিয়েছে, আইডিআরিএ’র নির্দেশনা অনুযায়ী যে-সমস্ত তফসিলি ব্যাংক এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ক্রেডিট রেটিং ‘এ’ বা সমমানের নিচে সেসমস্ত প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যাবে না।

অথচ সেই নির্দেশনাকে অমান্য করে তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে ১০ কোটি ৭২ লাখ ৪১ হাজার ১৩৫ টাকা স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) হিসেবে রেখেছে রুপালি লাইফ ইন্স্যুরেন্স, যাদের বর্তমান ক্রেডিট রেটিং ‘এ’ এর নিচে। এসমস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্লোবাল ইসলামি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমেটেড অন্যতম, জানিয়েছে নিরীক্ষক।

এ ব্যাপারে রুপালি লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মো. আমিরুল ইসলাম (মুকিত) লিখিত বক্তব্যে দেশ সমাচারকে জানায়, আর্থিক সংকটে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং- এর বিপরীতে আমরা প্রভিশন করেছি। প্রতিষ্ঠান দু’টি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক একুয়ার বা অধিগ্রহণ করেছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো আমাদেরকে যে ব্যবস্থা গ্রহণ করতে বলবে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিন্তু অনুসন্ধানে জানা গেছে, ইন্টারন্যাশনাল লিজিংকে বাংলাদেশ ব্যাংক অ্যাকুয়ার করলেও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে অধিগ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির পরিচালনা, অবসায়ন ও পুনর্গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক ও হাইকোর্টের মধ্যে আইনি ও নীতিগত প্রক্রিয়া চলছে।

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে রাখা রুপালি লাইফ ইন্স্যুরেন্সের স্থায়ী আমানতের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তারপরেও সেই স্থায়ী আমানত নগদায়ন বা উত্তলন করতে পারেনি বিমা খাতের প্রতিষ্ঠানটি।

এছাড়াও বিলুপ্ত হওয়া ব্যাংকগুলোতে রাখা স্থায়ী আমানত উত্তলনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে রুপালি লাইফ ইন্স্যুরেন্স জানায়, যখন ব্যাংকগুলোতে বিনিয়োগ করা হয়েছে তখন ব্যাংকগুলোর অবস্থা খারাপ ছিল না, ব্যাংকগুলো মুনাফা করতো। লভ্যাংশ প্রদান করতো। কিন্তু ৫ই আগস্ট ২০২৪ তদপরবর্তী সময়ে সমস্যার সৃষ্টি হয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক বা সম্মিলিত ইসলামী ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ইতিমধ্যে আইডিআরএ উল্লেখিত বিষয়ে কাজ করছে।

এদিকে, রুপালি লাইফ ইন্স্যুরেন্স নিরীক্ষককে ভুল তথ্য দিয়েছে। এতে কোম্পানিটির ম্যানেজমেন্টের সততা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন খাত সংশ্লিষ্টরা।

নিরীক্ষক জানিয়েছে, ব্যাংক বইয়ে ব্যালেন্সের (এসটিডি ও কারেন্ট অ্যাকাউন্ট) পরিমাণ ৮৬ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৩৯৭ টাকা উল্লেখ করেছে রুপালি লাইফ ইন্স্যুরেন্স। অথচ কোম্পানিটির ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী এই ব্যালেন্সের পরিমাণ ৪৪ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার ৪৫৫ টাকা। অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের পরিমাণ প্রকৃতপক্ষে যা থাকার কথা, তার চেয়ে বেশি দেখিয়েছে রুপালি লাইফ ইন্স্যুরেন্স।

এ ব্যাপারে রুপালী লাইফ ইন্স্যুরেন্স জানিয়েছে, ব্যাংক হিসাবের সমন্বয় একটি নিরবচ্ছিন্ন ও চলমান প্রক্রিয়া। নিরীক্ষা চলাকালীন সময়ও এই প্রক্রিয়া অব্যাহত ছিল। নিয়ন্ত্রক সংস্থা কর্তৃপক্ষ ৩১ জানুয়ারি পর্যন্ত প্রিমিয়ার টাকা ব্যাংকে জমা দেওয়ার অনুমতি দেওয়ায় ব্যাংক হিসাবের একটি বড় অংশ স্থানান্তর প্রক্রিয়ায় ছিল, যা সম্পূর্ণ নিয়মমাফিক।

একইভাবে, গ্রাহকদের বিমা আইন অনুযায়ী ৩০ দিনের বিশেষ সময়সীমার সুবিধা থাকায় ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া প্রিমিয়াম পরবর্তী বছরের ৩১শ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়ার সুযোগ পান গ্রাহকগণ। এই সম্ভাব্য প্রিমিয়ামকে আন্তর্জাতিক হিসাবমান অনুসারেই বকেয়া প্রাপ্তি হিসেবে হিসাবভুক্ত করা হয় এবং হালনাগাদ তথ্য নির্ধারিত সময়ের মধ্যেই নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হয়েছে। তাছাড়াও ব্যাংকের সাথে লেনদেনের সময়গত পার্থক্য, অনিষ্পন্ন চেক ও অনিষ্পন্ন জমা ইত্যাদির কারণে পার্থক্য হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বাসু ব্যানার্জি নাথ অ্যান্ড কো. চার্টার্ড একাউন্টস-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ সমাচারকে বলেন, রুপালি লাইফ ইন্স্যুরেন্স এ ব্যাপারে যে রিকন্সিলেশন স্টেটমেন্ট বা পুনর্মিলন বিবরণী উপস্থাপন করেছে তাতে ৪১ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৯৪৩ টাকার লেনদেন দীর্ঘ ছয় মাস বা তারও বেশি সময় ধরে অমীমাংসিত অবস্থায় আছে। কোম্পানিটির এই নির্দিষ্ট পরিমাণ অমীমাংসিত অর্থের লেনদেনের বিষয়টি আপনার কাছে (দেশ সমাচারের কাছে) পরিষ্কার করা উচিত ছিল। কোম্পানিটি এ বিষয়ে গড়পড়তা বক্তব্য দিয়েছে আপনাকে।

তথ্য বিশ্লেষণে জানা গেছে, রুপালি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারবাজারে বিনিয়োগ করে সুবিধা করতে পারেনি। এক বছরের ব্যবধানে শেয়ার বিক্রয় করে কোম্পানিটির মুনাফা কমেছে ৮৪ শতাংশ।

এ ব্যাপারে কোম্পানিটি জানায়, ২০২৫ সালে সম্পূর্ণ বছরই ছিল শেয়ার মার্কেটের দরপতন। তাই শেয়ার মার্কেট থেকে প্রফিট করা কঠিন হয়েছে। এর ফলে মুনাফার উপর প্রভাব পড়ছে।

এদিকে, প্রতিনিয়ত কোম্পানিটি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে গ্রাহকরা। এক বছরের ব্যবধানে কোম্পানির নিট প্রিমিয়াম কমেছে ১৩ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩৮৭ টাকা। গত বছর কোম্পানির নিট প্রিমিয়াম হয়েছিল ২১৮ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর বিদায়ী বছরে তা এসে দাঁড়িয়েছে ২০৪ কোটি ৭৩ লাখ তিন হজার ৪৭৭ টাকা।

কোম্পানিটি জানায়, ২০২৫ সালে দেশের রাজনৈতিক পরিবর্তন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান-ইসরাইলসহ মধ্য-এশিয়ার চলমান যুদ্ধ নির্বাচন, অর্থনৈতিক দুরাবস্থা, ব্যাংকিং খাত প্রায় অচলাবস্থা, গ্রাহক ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছেন। এমতাবস্থায় রুপালি লাইফসহ প্রায় সকল বিমা কোম্পানি প্রিমিয়াম সংগ্রহ কমেছে। আশা রাাখি ২০২৬ সালে প্রিমিয়াম আয় ভালো হবে।

আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান উল আবেদিন দেশ সমাচারকে বলেন, রুপালি লাইফ ইন্স্যুরেন্স যদি আইডিআরএ’র নির্দেশনা অমান্য করে এবং আর্থিক প্রতিবেদনে গরমিল করে থাকে তবে অবশ্যই কোম্পানিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত সংস্থাটির। আমি আইডিআরএ’র সদস্য থাকা অবস্থায় দেখেছি অনেক কোম্পানি আইডিআরএ’র নির্দেশনা ঠিকমত পরিপালন করে না। বিমা খাত নিয়ে জনগণের মাঝে যে আস্থার সংকট রয়েছে তা দূর করতে আইডিআরএকে এসব অনিয়ম কঠোর হস্তে দমন করতে হবে।

আইডিআরএ’র জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমান দেশ সমাচারকে বলেন, রুপালি লাইফ ইন্স্যুরেন্স যদি আইডিআরএ’র নির্দেশনা অমান্য করে থাকে তবে অবশ্যই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি আর্থিক কোনো দুর্নীতি করে থাকলে তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করবে আইডিআরএ। কারণ আইডিআরএ দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

উল্লেখ্য, রুপালি লাইফ ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ৩০ কোটি এক লাখ ৪০ হাজার টাকা, যেখানে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ৪৭ দশমিক ২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ২১ দশমিক ৬৮ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের মালিকানা রয়েছে ৩১ দশমিক ০৩ শতাংশ। আজ (২৫ নভেম্বর) রুপালি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৭৫ দশমিক ৬০ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬