Logo

ঋণখেলাপি মোস্তফা মেটাল, মানেনি বিএসইসির নির্দেশনাও

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই প্ল্যাটফর্মের মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ পিএলসির বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অমান্য, সরকারি ব্যাংক থেকে লোন বা ঋণ নিয়ে তা সময়মতো পরিশোধ না করাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এসব অভিযোগ স্বত্ত্বেও এখন পর্যন্ত কোম্পানিটির বিরুদ্ধে কমিশন ও সরকার কার্যকর শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এতে করে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে খাত সংশ্লিষ্টরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড) রুলস, ২০২১ বিধিমালা অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাছে টানা ৩ বছর বা তার বেশি সময় ধরে অবণ্টিত বা অদাবিকৃত থাকা নগদ ও স্টক লভ্যাংশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) হস্তান্তর করা বাধ্যতামূলক।

এদিকে, তিন বছর অতিবাহিত হলেও অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের অবণ্টিত লভ্যাংশ এক লাখ ৪৩ হাজার ৯৮ টাকা সিএমএস ফান্ডে জমা দেয়নি মোস্তফা মেটাল। এতে করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড) রুলস, ২০২১ বিধিমালা অমান্য করেছে কোম্পানিটি, জানিয়েছে নিরীক্ষক।

এছাড়াও নিরীক্ষক আরও জানিয়েছে, গত বছর (৩০ জুন ২০২৫) জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় মোস্তফা মেটালের দীর্ঘমেয়াদী ঋণ ছিল পাঁচ কোটি ৩১ লাখ ২১ হাজার ২১৯ টাকা। আর সদ্য বিদায়ী বছরে (৩০ জুন ২০২৬) সেই ঋণের পরিমাণ এসে দাঁড়িয়েছে ২৫ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার ৫৮৯ টাকা। সরকারী ব্যাংকটি থেকে দীর্ঘমেয়াদী এই ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে না পারায় ইতিমধ্যে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ খেলাপিতে পরিণত হয়েছে। যদিও কোম্পানিটির ঋণ পুনঃতফসিলীকরণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৮ তারিখ থেকে মোস্তফা মেটালকে এই ঋণ পরিশোধ করতে হবে

এদিকে কোম্পানি সূত্রে জানা গেছে, মোস্তফা মেটালের ব্যবসা খাদের কিনারে গিয়ে পৌঁছেছে। দিন দিন কোম্পানিটির মুনাফা তলানিতে গিয়ে ঠেকছে। গত বছর কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল দুই কোটি ২০ লাখ ১০ হাজার ২২৮ টাকা। আর সদ্য বিদায়ী বছরে তা এসে দাঁড়িয়েছে এক কোটি ৪৯ লাখ ২৪ হাজার ৮৯৮ টাকা। এক বছরের ব্যবধানে নিট মুনাফা কমেছে ৭০ লাখ ৮৫ হাজার ৩৩০ টাকা বা ৩২ শতাংশ।

এছাড়াও, কোম্পানির বিক্রয় রাজস্ব কমেছে ১০ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ২১৯ টাকা। গত বছর কোম্পানির বিক্রয় রাজস্ব ছিল ৫৫ কোটি ৩১ লাখ ২১ হাজার ২৬৮ টাকা। আর সদ্য বিদায়ী বছরে তা এসে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৪৯ টাকা। এক বছরের ব্যবধানে বিক্রয় রাজস্ব কমেছে ১৯ শতাংশ। কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সূত্রটি আরও জানায়, মোস্তফা মেটালের গ্রস প্রফিট বা মুনাফা কমেছে দুই কোটি ৭১ লাখ ৩৪ হাজার ৫১৮ টাকা। গত বছর গ্রস প্রফিট ছিল ১৫ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৬৬৬ টাকা। আর সদ্য বিদায়ী বছরে তা এসে দাঁড়িয়েছে ১২ কোটি ৪১ লাখ ২৩ হাজার ১৪৮ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানির গ্রস প্রফিট কমেছে ১৮ শতাংশ।

এদিকে, ২০২১ সালে মোস্তফা মেটাল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সে বছর কোম্পানিটির মুনাফা হয়েছিল ৫ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৯৭৬ টাকা। পাঁচ বছরের ব্যবধানে অর্থাৎ সদ্য বিদায়ী বছরে কোম্পানির মুনাফা কমেছে ৩ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৭৮ টাকা বা ৭১ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা জানান, ব্যবসায় ভালো করার উদ্দেশ্যে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল। অথচ তালিকাভুক্তির পর কোম্পানিটির ব্যবসার কোনো উন্নতিতো হয়েই-নি উপরন্তু অবনতি হয়েছে। সদ্য বিদায়ী বছরে নামমাত্র এক দশমিক ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে কোম্পানিটি। এমন পরিস্থিতিতে খেলাপি ঋণগ্রস্ত কোম্পানিটি আগামীতে দীর্ঘমেয়াদে নেওয়া ব্যাংক ঋণ আদৌ পরিশোধ করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

তারা আরও বলেন, তালিকাভুক্ত মোস্তফা মেটালসহ বিভিন্ন কোম্পানির নানা রকম নন-কমপ্ল্যায়েন্স ইস্যু থাকার পরেও কমিশন, স্টক এক্সচেঞ্জ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করে না। ফলে নির্ভয়ে কোম্পানিগুলো কমিশন, স্টক এক্সচেঞ্জের নির্দেশনা অমান্য করে। কমিশনের উচিত মোস্তফা মেটালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

এসব ব্যাপারে জানতে মোস্তফা মেটালের কোম্পানি সচিব মো. নাজমুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ নুরুজ্জামানকে একাধিকবার ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের নেতা সাজ্জাদুর রহমান দেশ সমাচারকে বলেন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কমিশনের রুলস অমান্য করাসহ যেসব অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আবুল কালাম দেশ সমাচারকে বলেন, মোস্তফা মেটালের ব্যাপারে খতিয়ে দেখে কমিশন ব্যবস্থাগ্রহণ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ও বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আল-আমিন দেশ সমাচারকে বলেন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের যদি কোনো নন-কমপ্ল্যায়েন্স ইস্যু থাকে তবে অবশ্যই বিএসইসির উচিত তা খতিয়ে দেখে কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।

উল্লেখ্য, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন ৪৮ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা, যেখানে উদ্যোক্তা পরিচালকদের মালিকানা রয়েছে ৩১ দশমিক ১৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ১০ দশমিক ০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ৫৮ দশমিক ৭৯ শতাংশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ছিল ৯ টাকা ৭০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬