Logo

পদ্মা ব্যাংকের দায় পরিশোধে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২২ নভেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিসেস পদ্মা ব্যাংকের দায় পরিশোধে এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে কোম্পানিটি জানিয়েছে, গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৪০তম সভায় এ ঋণ নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এককালীন প্রস্থান (ওয়ান-টাইম এক্সিট) সুবিধার আওতায় পদ্মা ব্যাংক পিএলসির কাছে থাকা কোম্পানির দায় পরিশোধে এই অর্থ ব্যবহার করা হবে।

তবে ঋণদাতা প্রতিষ্ঠান এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটির সংশ্লিষ্ট পক্ষ। কারণ, ইনফরমেশন সার্ভিসেসের চেয়ারম্যান সাজেদুর সিরাজের প্রতিষ্ঠানটিতে ৫০ শতাংশ শেয়ার রয়েছে।

ঋণের বিপরীতে ঢাকার রমনা এলাকার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত কোম্পানির কার্যালয়ের জায়গা বন্ধক রাখা হবে। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, এ ঋণসংক্রান্ত লেনদেনের বিষয়ে আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬