Logo

ডেরিভেটিভস বাজার চালু ঐতিহাসিক মুহূর্ত, তবে সফলতা সময়সাপেক্ষ: মাসুদ খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ১৯ নভেম্বর, ২০২৬

দেশের পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তবে এই বাজার চালু হলেই দ্রুত বড় ধরনের লেনদেন শুরু হবে না উল্লেখ করে তিনি বলেছেন, ডেরিভেটিভস বাজারের সফলতা নির্ভর করবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিনিয়োগকারীদের সচেতনতা এবং শক্তিশালী মার্কেট মেকার তৈরির ওপর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর উদ্যোগসংক্রান্ত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাসুদ খান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার ঐতিহ্যগতভাবে শেয়ারনির্ভর। কয়েক বছর আগে বন্ড লেনদেন শুরু হলেও এখন পর্যন্ত এ বাজারে সক্রিয় লেনদেন গড়ে ওঠেনি। ডেরিভেটিভস লেনদেনের বিষয়টি এতদিন অনেক দূরের বিষয় ছিল। তবে পুঁজিবাজারের পরিধি বাড়াতে নতুন আর্থিক পণ্য চালু করা জরুরি। শুধু ইক্যুইটি বা শেয়ারনির্ভর বাজার দিয়ে দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়।

তিনি বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজারের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে কমোডিটি এক্সচেঞ্জ চালুর উদ্যোগে বিএসইসি প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। ব্রোকার, পণ্য, লেনদেনব্যবস্থা ও সাংগঠনিক কাঠামোর অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে, যাতে ডেরিভেটিভস লেনদেন শুরু করা যায়।

বিএসইসি চেয়ারম্যান জানান, প্রাথমিকভাবে সিএসইর কমোডিটি ডেরিভেটিভস মার্কেটে সোনা, রুপা ও অপরিশোধিত পাম অয়েল লেনদেনের সুযোগ থাকবে। এসব পণ্যের লেনদেনের মাধ্যমে বাজারে একটি বেঞ্চমার্ক মূল্য তৈরি হবে। দেশের অন্যান্য বাজারের পাশাপাশি খুচরা বিনিয়োগকারীরাও এসব মূল্যকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন।

তবে প্রাথমিক পর্যায়ে এসব পণ্যের লেনদেন নগদ নিষ্পত্তির (ক্যাশ সেটেলমেন্ট) মাধ্যমে সম্পন্ন হবে। সরাসরি পণ্য সরবরাহের ব্যবস্থা আপাতত থাকছে না। এ বিষয়ে মাসুদ খান বলেন, বিপুল পরিমাণ সোনা, রুপা কিংবা পাম অয়েলের বাস্তব সরবরাহ নিশ্চিত করা বেশ চ্যালেঞ্জিং। বাজারের সক্ষমতা ও কার্যক্রমের পরিধি বাড়লে ভবিষ্যতে পণ্য সরবরাহের মাধ্যমে নিষ্পত্তির সুযোগও চালু করা হতে পারে।

তিনি আরও জানান, শুধু কমোডিটি ডেরিভেটিভস নয়, শেয়ারভিত্তিক ডেরিভেটিভস লেনদেন চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইক্যুইটি ডেরিভেটিভস ও ইনডেক্স ফিউচার চালুর সম্ভাব্যতা যাচাই করছে।

নতুন এই বাজারের সফলতার জন্য বিনিয়োগকারীদের শিক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের শেয়ারবাজারে অধিকাংশ বিনিয়োগকারী খুচরা বা রিটেইল বিনিয়োগকারী হলেও তাদের অনেকেই শেয়ারের মূল্যায়ন সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন না। বন্ডের মতো আর্থিক পণ্য সম্পর্কে বিনিয়োগকারীদের ধারণা আরও সীমিত। ডেরিভেটিভসের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল।

তাই নতুন বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে হলে প্রথমে তাদের পণ্য ও লেনদেনপদ্ধতি সম্পর্কে যথাযথ শিক্ষা দিতে হবে। একই সঙ্গে বাজারের সঙ্গে যুক্ত ব্রোকারদেরও ডেরিভেটিভস ব্যবসা সম্পর্কে প্রশিক্ষিত করতে হবে।

মাসুদ খান বলেন, নতুন কোনো বাজার চালুর ক্ষেত্রে শুরুতে লেনদেনের গতি কম থাকতে পারে। এ সময় বাজার সচল রাখতে শক্তিশালী মার্কেট মেকার থাকা জরুরি। কারণ, অনেক সময় বাজারে ক্রয়াদেশ থাকলেও বিক্রয়াদেশ পাওয়া যায় না। এ ধরনের পরিস্থিতিতে মার্কেট মেকাররা ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভারসাম্য তৈরি করে লেনদেন সচল রাখতে ভূমিকা রাখেন।

ডেরিভেটিভস মার্কেট চালু হলেই পরদিন থেকে বড় ধরনের লেনদেন শুরু হবে—এমন প্রত্যাশা করা ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, নতুন পণ্য সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই সতর্কতা ও সংশয় থাকবে। তাই বাজারের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধৈর্য প্রয়োজন।

ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে কমোডিটি ডেরিভেটিভস বাজারে উল্লেখযোগ্য লেনদেন গড়ে উঠতেও প্রায় এক দশক সময় লেগেছে। বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন।

বক্তব্যের শেষ পর্যায়ে সিএসইর এই উদ্যোগকে দেশের পুঁজিবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, ডেরিভেটিভস লেনদেন চালুর মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে নতুন একটি অধ্যায়ের সূচনা হচ্ছে। এ বাজারের বিকাশে নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬