Logo

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস

রোহিঙ্গা ক্যাম্প
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ১৯ নভেম্বর, ২০২৬

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে আনা প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট পড়েছে ছয়টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি গৃহীত হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় পাওয়া এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবটি পাস হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পেরিয়ে গেলেও তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বরং দীর্ঘদিনের এই সংকটের কারণে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাসংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বক্তব্যে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন তিনি। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলতি বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। এ ছাড়া ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা তহবিল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ তৈরির কথা বলা হয়েছে।

প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিশ্চিত করতে হবে।

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উল্লেখ থাকায় যুক্তরাষ্ট্র এ বিষয়ে পৃথক ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির প্রসঙ্গ অন্তর্ভুক্তির বিষয়ে তাদের সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলেও উল্লেখ করে দেশটি। একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকা ও উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬