Logo

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ৭ নভেম্বর, ২০২৬

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন করেছেন পাঁচ শতাধিক নারী-পুরুষ। একই সঙ্গে খনি বাস্তবায়নের আগে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

গতকাল শুক্রবার পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চার রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বড়পুকুরিয়া কয়লাখনি-সংলগ্ন এলাকায় ‘ফুলবাড়ী কয়লাখনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন মো. জাকারিয়া নয়ন। তিনি বলেন, ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরু করতে হবে। তবে খনি বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

জাকারিয়া নয়ন বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম এলাকায় ফুলবাড়ী কয়লাখনির মুখ রয়েছে। সেখান থেকে কয়লা উত্তোলনের দাবি জানান তিনি। তার মতে, দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অর্থনৈতিক অগ্রগতিতে ফুলবাড়ীর কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই দ্রুত খনি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

মানববন্ধনে ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লাখনি বাস্তবায়নের পক্ষে আরো বক্তব্য দেন মো. আব্দুল কাদের, মো. আব্দুল আজিজ, মো. বিপ্লব হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬