সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বাড়ার সংখ্যাও বেশি।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা ০৪ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৯৪ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ১ দশমিক ০৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ বেড়ে ২ হাজার ৬৯ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৪ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ বেড়ে ১ হাজার ৫০ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে এবং ৫১টির দাম কমেছে।
সকাল ১০টা ০৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১০ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ৬৩ লাখ ৪৯ হাজার ২৮৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন বা ট্রেডের সংখ্যা ছিল ২ হাজার ৭৩৯টি।
খাতভিত্তিক লেনদেনেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। ডিএসইর তথ্য অনুযায়ী, এ সময় পর্যন্ত ১০টি খাত ঊর্ধ্বমুখী এবং দুটি খাত নিম্নমুখী ছিল।
তবে দিনের লেনদেন চলমান থাকায় সূচক, লেনদেন ও শেয়ারের দর ওঠানামার সঙ্গে এসব তথ্য পরিবর্তিত হতে পারে।