Logo

১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ১ নভেম্বর, ২০২৬

চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১টি ব্যাংকের মধ্যে ছয়টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারপ্রতি লোকসান করেছে এবি ব্যাংক। অন্যদিকে ইতিবাচক ইপিএস থাকা পাঁচ ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে সিটি ব্যাংক।

রোববার (১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ব্যাংকগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে এবি ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৪ টাকা ৬১ পয়সা। সে হিসাবে ব্যাংকটির লোকসান কিছুটা কমেছে।

তবে বড় অবনতি হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২০ টাকা ৪১ পয়সা। অথচ আগের বছরের একই সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি ৬২ পয়সা মুনাফায় ছিল।

আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯ টাকা ৪০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান আরও বেড়েছে।

ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৫০ পয়সা। সে হিসাবে ব্যাংকটির লোকসান দ্বিগুণের বেশি হয়েছে।

অন্যদিকে প্রিমিয়ার ব্যাংকের লোকসান কিছুটা কমেছে। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৪৯ পয়সা।

এ ছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ৫২ পয়সা। অর্থাৎ মুনাফা থেকে লোকসানে চলে গেছে ব্যাংকটি।

পাঁচ ব্যাংক মুনাফায়

আলোচিত ১১ ব্যাংকের মধ্যে পাঁচটির ইপিএস ইতিবাচক রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারপ্রতি আয় করেছে সিটি ব্যাংক। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৯৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ১৩ পয়সা।

সাউথইস্ট ব্যাংকের ইপিএস আগের বছরের ১ টাকা ৩৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ইপিএস ৩৪ পয়সা থেকে বেড়ে ৮৯ পয়সা এবং এসবিএসি ব্যাংকের ইপিএস ১৫ পয়সা থেকে বেড়ে ২০ পয়সা হয়েছে।

এদিকে লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে এনআরবি ব্যাংক। আগের বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ১ পয়সা। চলতি বছরের একই সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি ১৫ পয়সা মুনাফা করেছে।

১১ ব্যাংকের ৯ মাসের ইপিএস

ব্যাংক ২০২৬ ২০২৫
এবি ব্যাংক (৩১.৪৬) (৩৪.৬১)
ইসলামী ব্যাংক (২০.৪১) ০.৬২
আইএফআইসি ব্যাংক (১৩.০৪) (৯.৪০)
ন্যাশনাল ব্যাংক (৯.৩৭) (৪.৫০)
প্রিমিয়ার ব্যাংক (৪.৫২) (৫.৪৯)
স্ট্যান্ডার্ড ব্যাংক (১.৪০) ০.৫২
সিটি ব্যাংক ৪.৯৬ ৪.১৩
সাউথইস্ট ব্যাংক ১.৯১ ১.৩৭
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ০.৮৯ ০.৩৪
এসবিএসি ব্যাংক ০.২০ ০.১৫
এনআরবি ব্যাংক ০.১৫ (২.০১)

বন্ধনীর সংখ্যা শেয়ারপ্রতি লোকসান নির্দেশ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬