Logo

যমুনা ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান নির্বাচিত মোঃ মাহমুদুল হক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ৩১ অক্টোবর, ২০২৬

যমুনা ব্যাংক পিএলসি’র ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে যমুনা ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ মাহমুদুল হক । এই দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে, তিনি ২০১২ সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। জনাব হক, যমুনা ব্যাংক পিএলসি.-এর অন্যতম স্পন্সর পরিচালক। তাঁর এই নির্বাচন ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁর নেতৃত্বের প্রতি অব্যাহত আস্থা, আর্থিক খাত সম্পর্কে তাঁর সুস্পষ্ট ধারণা এবং বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক খাতে তাঁর দীর্ঘদিনের সফল অভিজ্ঞতার প্রতিফলন।

মোঃ মাহমুদুল হক বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতা সম্পন্ন একজন উদ্যোক্তা হিসেবে তাঁর কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ বিভিন্ন খাতে বিস্তৃত। ১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশের উভয় স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত। তাঁর প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে আনলিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানসমূহ সফলভাবে পরিচালিত হচ্ছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি জনাব হক করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে তিনি আনলিমা গ্রুপের অভ্যন্তরে এবং এর বাইরেও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন। তিনি খুবই ভ্রমণপিপাসু এবং পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ ঘুরে বেড়িয়েছেন। জনাব হক চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তাঁর স্ত্রী জনাবা হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তিনি দুই সন্তান, এক কন্যা ও এক পুত্রের গর্বিত পিতা, যারা দুজনেই নিজ নিজ কর্মজীবনে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬