Logo

জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

জিপিএইচ ইস্পাত লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা গত ২৫ অক্টোবর সকাল ১১ টায় হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোঃ আলমগীর কবির। এতে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল আহাদ এবং মোঃ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী, রেজিনা পারভিন, পরিচালক সাদমান সাইকা সেফা, সালেহীন মুশফীক সাদাফ এবং সায়হাম সাদিক পিয়াল, গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ মোক্তার হোসেন তালুকদার এফসিএ, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এইচএম আশরাফউজ্জামান এফসিএ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ আতিকুর রহমান চৌধুরী, বিধিবদ্ধ নিরীক্ষক, কর্পোরেট গর্ভন্যান্স কমপ্লাইয়েন্স নিরীক্ষক, স্বতন্ত্র স্ক্রুটিনাইজার এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার বার্ষিক সাধারণ সভায় যোগ দেন।

কোম্পানি সচিব মোঃ মোশাররফ হোসেন সভা সঞ্চালনা করেন। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের কোম্পানির আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য স্পন্সর ও পরিচালক ব্যতিত শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পাঁচ বছরের জন্য পুনঃনিয়োগ অনুমোদিত হয়। স্বতন্ত্র পরিচালক পদে রেজিনা পারভীনকে তিন বছরের জন্য নিয়োগ এবং সফিউল আলম খান চৌধুরীকে তিন বছরের জন্য পুনঃনিয়োগ অনুমোদিত হয়।

এছাড়া, কোম্পানির পূর্বে ঘোষিত রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবের বিষয়ে ২৪ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১০৩তম সভায় আলোচনা ও পর্যালোচনা করা হয়। পর্যালোচনান্তে, বিদ্যমান পুঁজিবাজার পরিস্থিতিতে কোম্পানির এবং সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় পরিচালনা পর্ষদ প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যুর কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুঁজিবাজার পরিস্থিতি ও সংশিষ্ট অন্যান্য বিষয়ের পরিবর্তন/উন্নয়নের পরিপ্রেক্ষিতে যথাসময়ে বিষয়টি পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

স্বাগত বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মোঃ আলমগীর কবির বলেন, বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন, নগরায়ন, শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকান্ডের বিস্তারের সঙ্গে মানসম্পন্ন ইস্পাত পণ্যের চাহিদা দীর্ঘমেয়াদে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি, অর্থায়ন ব্যয়ের স্থিতিশীলতা এবং নির্মাণ ও অবকাঠামো খাতে পুনরায় গতি সঞ্চারিত হলে ইস্পাত শিল্পেও ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে। সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য জিপিএইচ ইস্পাত তার উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা, মানবসম্পদ এবং ব্যবসায়িক সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উপর গুরুত্ব দিচ্ছে।

গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০২৫-২০২৬ অর্থবছরে কোম্পানির সামগ্রিক কার্যক্রম বর্ণনা করে বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ ব্যয়, জ্বালানি ব্যয় বৃদ্ধি, চলতি মূলধন সংকট এবং প্রতিকূল ব্যাংকিং পরিস্থিতিতে নতুন মূলধন সংগ্রহের চাপ সহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সরকারি ও বেসরকারি অবকাঠামো এবং আবাসন প্রকল্পে বিনিয়োগ ও বাস্তবায়নের গতি কমে যাওয়ায় নির্মাণ কার্যক্রম সামগ্রিকভাবে মন্থর ও নিম্নমুখী রয়েছে। একই সাথে ইস্পাত শিল্পের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং শিল্পখাতে তীব্র প্রতিযোগিতার কারণে পণ্যের মূল্য ও মুনাফার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে।

এছাড়া, বিদ্যুৎ ও গ্যাসের সীমিত ও অনিয়মিত সরবরাহ উৎপাদন পরিকল্পনাকে ব্যাহত করেছে। চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশের মধ্যেও জিপিএইচ ইস্পাত সম্পদের সর্বোত্তম ব্যবহার, ব্যয় নিয়ন্ত্রণ এবং উৎপাদন ও বিক্রয় কার্যক্রমকে বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং পণ্যের উচ্চমান ও গ্রাহকদের আস্থা অক্ষুণ্ন রেখেছে।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, জিপিএইচ ইস্পাতে যারা বিনিয়োগ করেছেন তাদের বিনিয়োগ নিরাপদ রাখতে পরিচালনা পর্ষদ প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট কারখানার উৎপাদন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেলস এন্ড মার্কেটিং-কে আরো বিস্তৃত করার জন্য নিরলসভাবে কাজ করছে। তিনি সকলের উপস্থিতি এবং সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬