Logo

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৬

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) সফলভাবে আয়োজন করেছে “বিজিএমইএ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২.০ ২০২৬, পাওয়ার্ড বাই বিআরবি, নেক্সাজেন, আরএফএল; কো-পাওয়ার্ড বাই ডেসকো, আসুটেক্স, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ওএমসি”। বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় অনুষ্ঠানটি ২৫ অক্টোবর ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ ও ওয়েগা গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ মেসবা উদ্দিন আলী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ’র বিজনেস ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাফায়েত উল্লাহ রহমত, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও জুম গ্রুপের চেয়ারম্যান ড. এম এ মজিদ তালুকদার, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল হক। জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল। বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ ১৪২৪ জন কলেজ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি জ্ঞান, সৃজনশীলতা ও উদ্দীপনায় ভরপুর এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। এর মূল লক্ষ্য ছিল তরুণদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা। বিইউএফটিতে আগমনের পর প্রতিযোগীরা দ্বিতীয় এমসিকিউ রাউন্ডে অংশগ্রহণ করেন। সেখান থেকে ৩০টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। পরবর্তী বাজার রাউন্ডে ৬টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। শেষে ৪টি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়, যেখানে অনুষ্ঠিত হয় অডিও-ভিজ্যুয়াল ও র‍্যাপিড-ফায়ার রাউন্ড। ফাইনাল রাউন্ড শেষে ঢাকা কমার্স কলেজ চ্যাম্পিয়ন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ১ম রানারআপ, জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২য় রানারআপ এবং ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী ফারিক হাসান অমিয় সেরা প্রতিযোগী নির্বাচিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিকরা, যা পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিজয়ী ও অতিথিদের নিয়ে গ্রুপ ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন রানওয়ে। সহযোগিতায় ছিলো বিইউএফটি হেরিটেজ ক্লাব ও বিইউএফটি কালচারাল ক্লাব। আয়োজনে ইভেন্ট পার্টনার ছিল চ্যানেল ২৪, এবং নলেজ পার্টনার ছিল লার্নআপ। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সময় টিভি, আমাদের সময়, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস, এবং রেডিও টুডে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬