Logo

বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে রদবদল

ফ্লোর প্রাইস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ৮ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক পদে ১২ কর্মকর্তার দায়িত্বে রদবদল ও পুনর্বিন্যাস করা হয়েছে। এর মধ্যে কয়েকজন কর্মকর্তার দায়িত্ব কমানো হয়েছে। আবার কয়েকজনকে নতুন ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বুধবার (৭ অক্টোবর) বিএসইসির প্রশাসন ও অর্থ ডিভিশন থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এতদিন মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন এবং মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্বে ছিলেন। নতুন আদেশে তার কাছ থেকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব সরিয়ে শুধু মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্ব রাখা হয়েছে।

নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন এবং গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের (জিপিএমএস) দায়িত্বে অপরিবর্তিত থাকছেন।

অন্যদিকে নির্বাহী পরিচালক (লিগ্যাল সার্ভিস) মো. মাহবুবুর রহমান চৌধুরী আইন ডিভিশনের দায়িত্বেই থাকছেন। প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুল এনাম খান আগের মতো চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন ডিভিশনের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতদিন গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ডিভিশন এবং করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্বে ছিলেন। নতুন আদেশে করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে শুধু আরঅ্যান্ডডি ডিভিশনের দায়িত্বে রাখা হয়েছে। রিপন কুমার দেবনাথ এনফোর্সমেন্ট ডিভিশন এবং মীর মোশাররফ হোসেন চৌধুরী ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্বে থাকছেন।

অন্যদিকে নির্বাহী পরিচালক মো. আবুল কালামের দায়িত্ব বাড়ানো হয়েছে। এতদিন তিনি ডেরিভেটিভস ডিভিশন ও বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। নতুন করে তার ওপর করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্বও দেওয়া হয়েছে। ফলে এখন তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন তিনি।

এ ছাড়া নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের দায়িত্বে এবং নির্বাহী পরিচালক রাজীব আহমেদ আইসিটি ডিভিশনের দায়িত্বে থাকছেন। নির্বাহী পরিচালক মো. মনসুর রহমান আগের মতো প্রশাসন ও অর্থ ডিভিশনের দায়িত্ব পালন করবেন।

নির্বাহী পরিচালক শেখ মাহবুব উর রহমানকে নতুন করে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এ ডিভিশনের দায়িত্ব পালন করেছেন আনোয়ারুল ইসলাম।

এদিকে গত বুধবার (৭ অক্টোবর) নতুন নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন শেখ মাহবুব উর রহমান। এর আগে তিনি দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসইসিতে নির্বাহী পরিচালকের মোট ১২টি পদ রয়েছে। বর্তমানে ওই সকল পদে কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বিএসইসির এই শীর্ষ কর্মকর্তাদের বেশ কয়েকটি পদ ফাঁকা ছিল।

নতুন দায়িত্ব বণ্টনের ফলে বিএসইসির গুরুত্বপূর্ণ কয়েকটি ডিভিশনের দায়িত্বে পরিবর্তন এসেছে। বিশেষ করে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স, করপোরেট ফাইন্যান্স, মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন এবং আরঅ্যান্ডডি ডিভিশনের দায়িত্বে নতুন বিন্যাস করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬