Logo

সূচকের বড় উত্থানে শুরু ডিএসইর লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ৮ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ অক্টোবর) লেনদেনের শুরুতেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রধান মূল্যসূচকসহ তিনটি সূচকই বেড়েছে। একই সঙ্গে দরপতনের তুলনায় দরবৃদ্ধির তালিকায় রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক প্রতিষ্ঠান।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা ২২ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৮৯ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করছে।

বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৯ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২ হাজার ১০৬ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৬ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯২ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ৩৭টির।

সকাল ১০টা ২২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৮০ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ২ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট ট্রেডের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২২৭টিতে।

খাতভিত্তিক লেনদেনেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিএসইর সেক্টর হিটম্যাপ অনুযায়ী, এ সময় ১২টি খাত ঊর্ধ্বমুখী ছিল, কোনো খাত নিম্নমুখী ছিল না। এর মধ্যে বিবিধ খাতে ৯ দশমিক ৪ শতাংশ, সিরামিক খাতে ৮ দশমিক ৮ শতাংশ, পাট খাতে ৫ দশমিক ৩ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ৪ শতাংশ ইতিবাচক প্রবণতা দেখা যায়।

দরবৃদ্ধির তালিকায় সকাল ১০টা ২২ মিনিট পর্যন্ত শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ১৭ শতাংশ বেড়ে ২২ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬