পুঁজিবাজারে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের মালিকানা অধিগ্রহণ করেছে মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড। এ অধিগ্রহণের মাধ্যমে ফান্ড ব্যবস্থাপনা, করপোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং করপোরেট অ্যাডভাইজরি সেবায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টরা মনে করছেন, আর্থিক পরামর্শ ও পুঁজিবাজার ব্যবস্থাপনার দুটি প্ল্যাটফর্ম একীভূত হওয়ায় দেশের বিনিয়োগ ব্যবস্থাপনা ও করপোরেট আর্থিক সেবার বাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে পেশাদার ফান্ড ব্যবস্থাপনা ও করপোরেট পরামর্শ সেবার পরিধি বাড়াতে এ অধিগ্রহণ ভূমিকা রাখতে পারে।
মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুল কবির বলেন, এ অধিগ্রহণের মাধ্যমে দেশের পুঁজিবাজারের উন্নয়নে আরও সক্রিয়ভাবে অবদান রাখার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, পেশাদার মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা, করপোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং উচ্চমানের করপোরেট অ্যাডভাইজরি সেবার মাধ্যমে পুঁজিবাজারে অবদান রাখার বড় সুযোগ রয়েছে। পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্ট অধিগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যা ফান্ড ব্যবস্থাপনার পাশাপাশি করপোরেট অ্যাডভাইজরি ও পুঁজিবাজারভিত্তিক বিভিন্ন সমাধান দেবে।
অধিগ্রহণ প্রক্রিয়ায় করপোরেট উপদেষ্টা হিসেবে কাজ করেছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এমডিবি এএমসি)। প্রতিষ্ঠানটি লেনদেনের আর্থিক ও কৌশলগত বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতা দিয়েছে।
বাংলাদেশ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী মে ইন্টারন্যাশনাল একটি আর্থিক পরামর্শ প্রতিষ্ঠান। অ্যাডভাইজরি, ট্রেড ফাইন্যান্স, ঝুঁকি ও কমপ্লায়েন্স ব্যবস্থাপনা এবং ডেটা ও তথ্যসেবা প্রতিষ্ঠানটির প্রধান কার্যক্রম। ঢাকায় সদর দপ্তর থাকা প্রতিষ্ঠানটি বর্তমানে কার্যক্রমের ১২তম বছরে রয়েছে।
পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্টের পুঁজিবাজারভিত্তিক প্ল্যাটফর্মের সঙ্গে মে ইন্টারন্যাশনালের আর্থিক পরামর্শের অভিজ্ঞতা যুক্ত হওয়ায় ফান্ড ও পোর্টফোলিও ব্যবস্থাপনার পাশাপাশি করপোরেট অ্যাডভাইজরি সেবার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
এ অধিগ্রহণের মাধ্যমে দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে মে ইন্টারন্যাশনাল।