চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুঃখিয়া (পশ্চিম) ইউনিয়নভিত্তিক সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন এস. এম. মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলমগীর হোসেন পাটোয়ারী।
শনিবার ( ৩ অক্টোবর, ২০৬) রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদের মতামতের ভিত্তিতে এস. এম. মফিজুর রহমান সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে অন্যান্য পদে দায়িত্ব বণ্টনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মো. সেলিম হোসেন গাজী ও মহসিন খাঁন। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসেন। কোষাধ্যক্ষ হয়েছেন প্রফেসর মো. ফারুকুল ইসলাম এবং শিক্ষাবিষয়ক সম্পাদক হয়েছেন প্রফেসর মো. সাইফুল ইসলাম। এ ছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন আজাদ হোসেন মিয়াজী, মো. ইমাম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ হোসেন এবং মো. সেলিম বৈদ্য।
এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন আবু জাফর মো. শামসুদ্দিন (ফারুক)। আগামী চার বছর নবনির্বাচিত এই কমিটি দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটির নেতারা বলেন, ‘বন্ধন-১২’-কে একটি কার্যকর ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য। বিশেষ করে এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের সদস্যদের সম্মিলিত অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
তারা আরও বলেন, এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী করার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করার পরিকল্পনাও রয়েছে।
নবনির্বাচিত সভাপতি এস. এম. মফিজুর রহমান সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘বন্ধন-১২’কে একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণে কাজ করাই হবে সংগঠনের অন্যতম অঙ্গীকার।
‘বন্ধন-১২’ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুঃখিয়া (পশ্চিম) ইউনিয়নের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।