পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি তাদের জমি, ভবনসহ স্থায়ী সম্পদের বর্তমান ন্যায্য বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে। এ জন্য একটি স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২৬ তারিখের ভিত্তিতে সম্পত্তি, স্থাপনা ও সরঞ্জাম পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় কোম্পানির জমি, ভবনসহ অন্যান্য স্থায়ী সম্পদের বর্তমান ন্যায্য বাজারমূল্য নির্ধারণ করা হবে।
এ কাজের জন্য এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী হিসেবে নিয়োগ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। আন্তর্জাতিক মূল্যায়ন মানদণ্ড, বাংলাদেশ হিসাব মান (BAS), বাংলাদেশ আর্থিক প্রতিবেদন মান (BFRS) এবং সংশ্লিষ্ট আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠানটি সম্পদের মূল্যায়ন করবে।
পুনর্মূল্যায়নের ফলে কোম্পানির স্থায়ী সম্পদের হিসাবি মূল্যে পরিবর্তন আসতে পারে। মূল্যায়নের পর কোনো সম্পদের ন্যায্য বাজারমূল্য বর্তমান হিসাবি মূল্যের চেয়ে বেশি হলে পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কোম্পানির নিট সম্পদ মূল্যেও পরিবর্তন আসতে পারে।
তবে পুনর্মূল্যায়নের মাধ্যমে কত টাকার উlদ্বৃত্ত তৈরি হবে কিংবা নিট সম্পদ মূল্যে কী পরিমাণ পরিবর্তন আসবে, তা এখনো নির্ধারিত হয়নি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বতন্ত্র মূল্যায়নকারীর প্রতিবেদন পাওয়ার পর পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত এবং এর ফলে নিট সম্পদ মূল্যে কী প্রভাব পড়েছে, তা প্রকাশ করা হবে।