Logo

তারল্য সংকটে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সঃ বিনোদন ব্যয় বেড়েছে ২৭ শতাংশ, খতিয়ে দেখবে আইডিআরএ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তারল্য সংকটে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তার কর্মীদের জন্য এন্টারটেইনমেন্ট এক্সপেনসেস বা বিনোদন ব্যয় বাড়িয়েছে ২৭ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানিটির এই ব্যয় বৃদ্ধিকে সন্দেহের চোখে দেখছেন সাধারণ বিনিয়োগকারীরা।

এছাড়াও কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান ডিএলআইসি সিকিউরিটিজও ভালো ব্যবসা করতে পারছে না। ফলে সামগ্রিক অর্থে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রতি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।

কোম্পানি সূত্রে জানা গেছে, বিদায়ী বছরে (৩১ ডিসেম্বর ২০২৫) ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং একটিভিটিজ বা পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ২৪২ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪০০ টাকা হয়েছে। এর আগের বছর কোম্পানির পরিচালন নগদ অর্থ প্রবাহ ঋণাত্মক ১৭৩ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ৯৮৫ টাকা ছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানির নগদ প্রবাহের ঋণাত্মক অবস্থা বেড়েছে ৬৮ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৪১৫ টাকা বা ৪০ শতাংশ।

বাজার বিশ্লেষকরা বলছেন, নগদ প্রবাহ ঋণাত্মক থাকা ও তা বেড়ে যাওয়ায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের তারল্য সংকট দেখা দিয়েছে। এর ফলে কোম্পানির আর্থিক সক্ষমতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এদিকে তারল্য সংকটে থাকলেও কোম্পানি তার কর্মীদের বিনোদন বাবদ ব্যয় বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। গত ৩১ ডিসেম্বর ২০২৪ হিসাব বছরে কোম্পানির এন্টারটেইনমেন্ট এক্সপেনসেস বা বিনোদন ব্যয় হয়েছে ৮৬ লাখ ১০ হাজার ৫৬৪ টাকা। আর বিদায়ী বছরে তা এসে দাঁড়িয়েছে এক কোটি ৯ লাখ ৪১ হাজার ২৪ টাকা। এক বছরের ব্যবধানে এন্টারটেইনমেন্ট এক্সপেনসেস বেড়েছে ২৩ লাখ ৩০ হাজার ৪৬০ টাকা।

কোম্পানির এমন আর্থিক ব্যবস্থাপনায় রীতিমতো হতাশ হয়েছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, কোম্পানিটি মারাত্মকভাবে তারল্য সংকটে আছে। অথচ তারপরেও কর্মীদের জন্য বিনোদন ব্যয় বাড়িয়েছে। এর মাধ্যমে কোম্পানির ম্যানেজমেন্টের অদক্ষতার বহিঃপ্রকাশ ঘটেছে।

এদিকে, সহযোগী কোম্পানি ডিএলআইসি সিকিউরিটিজ লিমিটেড বিদায়ী বছরে লোকসান করেছে। ৩১ ডিসেম্বর ২০২৪ হিসাব বছরে সহযোগী কোম্পানির লোকসান হয়েছে ১৪ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার ৭৯৪ টাকা। আর বিদায়ী বছরে লোকসান হয়েছে দুই কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৫৪৪ টাকা। অর্থাৎ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এই সহযোগি কোম্পানি লোকসান থেকে বের হতে পারছে না।

পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল হক দেশ সমাচারকে বলেন, পরিচালকদের টাকা আত্মসাতের কারণে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিনোদন ব্যয় বেড়েছে। বর্তমানে কোম্পানিটির পারফর্মেন্স ভালো না।

বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন দেশ সমাচারকে বলেন, যেকোনো কোম্পানি কর্মীদের জন্য এন্টারটেইনমেন্ট বা বিনোদন বাবদ ব্যয় বাড়াতেই পারে। তবে যদি সেই কোম্পানি তারল্য সংকটে থাকে তবে খুঁজে বের করতে হবে কেন এন্টারটেইনমেন্ট বাবদ ব্যয় বাড়িয়েছে। তবে সাধারণত তারল্য সংকটে থাকা যেকোনো কোম্পানির ব্যয় ভেবে চিন্তে বাড়ানো উচিত।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র আবুল কালাম দেশ সমাচারকে বলেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি। কোম্পানিটির প্রাইমারি রেগুুলেটর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানিটি যদি কোনো অনিয়ম করে থাকে তবে আইডিআরএ’র সাথে কথা বলে তদন্ত করা হবে।

আইডিআরএ’র জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমান দেশ সমাচারকে বলেন, আইডিআরএ সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সবসময় সরব। আপনার অভিযোগের প্রেক্ষিতে আইডিআরএ বিষয়টি খতিয়ে দেখবে, কোনো অনিয়ম হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে এসব ব্যাপারে জানতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মো. আসাদুজ্জামান মল্লিককে একাধিকবার ফোন করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়াও কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মিলটন ব্যাপারিকে একাধিকবার ফোন করা হলে তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা, যেখানে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ৩৫ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ১৫ দশমিক ২৯ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের মালিকানা রয়েছে ৪৮ দশমিক ৮৪ শতাংশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৭১ দশমিক ৩০ টাকা।

খুব শিগগিরই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আরও অনিয়ম, দুর্নীতি নিয়ে দ্বিতীয় পর্ব প্রকাশ করা হবে।  

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬