Logo

কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ ওরফে আবু মিয়া তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে বোন খালেদা ও ভাতিজা টিটুকে গুরুতর আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন।

নিহত টিটুর শ্বাশুরি জোসনা বেগম, নিহতের আরেক স্বজন মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, জায়গা-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে।

রাতে মুরাদনগর থানার ওসি মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে দুই জনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬