Logo

নাভানা ফার্মার পরিচালনা পর্ষদে আগের সদস্যরাই থাকছেন

নাভানা ফার্মা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদের ৬৪তম সভা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ৬৩তম বোর্ড সভায় পর্ষদের যে কাঠামো ছিল, সেটিই বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে নাভানা ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, বিএসইসির ১৮ জুন ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির ৬৪তম পরিচালনা পর্ষদ সভা স্থগিত করা হয়। ওই নির্দেশনায় ৬৩তম বোর্ড সভায় পর্ষদের যে গঠন ছিল, তা অপরিবর্তিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সে অনুযায়ী, বর্তমানে নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদে রয়েছেন সাইকা মাজেদ—চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক, অধ্যাপক ড. মো. জুনায়েদ শফিক—ব্যবস্থাপনা পরিচালক, ড. সৈয়দ আহমেদ—পরিচালক, জাভেদ কায়সার আলী—পরিচালক, তারানা আহমেদ—পরিচালক এবং মাসুমা পারভিন—পরিচালক।

এ ছাড়া খন্দকার সাব্বির মোহাম্মদ কবির স্ট্রাটাস হোল্ডিংস লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পর্ষদে আরও রয়েছেন মোহাম্মদ আরিফে বিল্লাহ (বার-অ্যাট-ল) ও অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, যারা স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএসইসির পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ৬৩তম বোর্ড সভার এই কাঠামোই বহাল থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬