Logo

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাঃ ঊর্ধ্বমুখী বিশ্ববাজারের তেলের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ফের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দিনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান সূচকের দাম বেড়ে যায়। এ সময় ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ১৪ ডলারে ওঠে।

এর আগের কার্যদিবসেও ব্রেন্টের দর উল্লেখযোগ্য হারে বেড়েছিল। ফলে জুলাইয়ের শেষ সপ্তাহের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের এই বেঞ্চমার্ক সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৪ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের এক পর্যায়ে সূচকটির দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫ দশমিক ৩৭ ডলারে পৌঁছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে যুদ্ধবিরতি বা সমঝোতার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অনাগ্রহ এবং ইরানের পাল্টা কঠোর অবস্থান বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাত তেলের বাজারের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এমন পরিস্থিতিতে সরবরাহ সংকটের আশঙ্কায় তেলের বাজারে ক্রেতাদের চাপ বাড়ছে। সংঘাত আরও বিস্তৃত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬