দেশের পর্যটন শিল্পের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং এ খাতকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নেতারা।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টোয়াব কার্যালয়ে বাটজার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় টোয়াব নেতারা দেশের পর্যটন খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, পর্যটন শিল্পের টেকসই বিকাশে সরকারের কার্যকর নজরদারি, ট্যুর অপারেটরদের বিদ্যমান সংকট নিরসন এবং পর্যটনবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে পর্যটন ব্যবসার বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের ওপর গুরুত্ব দেন তারা।
জবাবে বাটজা নেতারা বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে সরকার, ব্যবসায়ী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পর্যটন খাতের সমস্যা, সম্ভাবনা ও ইতিবাচক দিকগুলো গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরে এ শিল্পের বিকাশে বাটজা সক্রিয় ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভায় অভ্যন্তরীণ পর্যটন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা, দেশের দর্শনীয় স্থানগুলোর প্রচার ও ব্র্যান্ডিং এবং পর্যটনসেবার মান উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
সভা শেষে দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে বাটজা ও টোয়াবের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।