রাশিয়ার মস্কোর কাছে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে সব ক্রুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে এএন-২২ মডেলের এই উড়োজাহাজটি হঠাৎ করেই নিচে পড়ে যায়। ঘটনাস্থল মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ শেষ হওয়ার পর পরীক্ষামূলক উড্ডয়নে উঠেছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে জীবিত পাওয়া যায়নি। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিমানে সাতজন ক্রু ছিলেন। তবে মোট কতজন আরোহী ছিলেন—তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করছে। মন্ত্রণালয় আরও জানায়, বিধ্বস্ত বিমানের ভগ্নাংশ ঘিরে রাখা হয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
এই বিমানটি ৫০ বছরেরও বেশি সময় ধরে রুশ সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। দৈনিক পত্রিকা কোমারসান্ত কোনো তথ্যসূত্র উল্লেখ না করে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
এ দুর্ঘটনার সঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কোনো সংযোগ আছে কি না—সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সব সম্ভাবনা যাচাই করে দেখা হচ্ছে।
রাশিয়ায় সাম্প্রতিক সময়ে সামরিক বিমান দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন উঠছে সামরিক পরিবহন বহরের সক্ষমতা ও আধুনিকায়ন প্রক্রিয়া নিয়ে। তবে এই ঘটনায় রুশ সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো অতিরিক্ত মন্তব্য করেনি।
অনলাইন ডেস্ক 
























