আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ইউক্রেন সংঘাত নিরসনে বেইজিং যখন নেতৃত্বের ভূমিকায় আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, তখন এমন সিদ্ধান্তের কথা জানা গেল।
সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন এখন ইউক্রেন নিয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে চায়। এছাড়া যুদ্ধ বন্ধ করা ও শান্তি আলোচনা শুরু করার উদ্য়োগ নিতে চান শি জিনপিং। সেই সঙ্গে তিনি এটাও নিশ্চিত করতে চান, এই সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না।
রিপোর্টে বলা হয়েছে, জিনপিংয়ের মস্কো সফর এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের দিন এখনও স্থির হয়নি। তবে চলতি বছরের এপ্রিল বা মে মাসে রাশিয়ায় ওই সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে হারানোর বিজয়োৎসব পালন করবে রাশিয়া।
এর আগে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ঘোষণা দেন যে, ইউক্রেন সংকট নিরসনে বেইজিং একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইতোমধ্যে এ সংক্রান্ত আলোচনার জন্য বেইজিং সফরে গেছেন ওয়াং ই।
অনলাইন ডেস্ক 
























