ইস্তাম্বুলে তুরস্ক-কাতার উচ্চ কৌশলগত কমিটির দ্বাদশ বৈঠকে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি চুক্তি সই করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই চুক্তি সাক্ষরের খবর জানানো হয়েছে।
দ্বিপাক্ষিক ও প্রতিনিধিদল পর্যায়ের আলোচনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে প্রেসিডেন্সিয়াল দোলমাবাহচে কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরদোয়ান ও শেখ তামিম পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন।
এ ছাড়া তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি ভোক্তা সুরক্ষা, বাজার তদারকি এবং পরিদর্শন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
শিক্ষাগত সহযোগিতা বিষয়ক একটি চুক্তিতে সই করেন তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি।
অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি শান্তি, পুনর্মিলন ও সংঘাত নিরসনে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারকে সই করেন। পাশাপাশি দুই মন্ত্রী কমিটির দ্বাদশ বৈঠক উপলক্ষে একটি যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেন।
অনলাইন ডেস্ক 






















